চিনাবাদামের তেল: রান্নায় ব্যবহার, সতর্কতা, আর গবেষণা কী বলে

চিনাবাদামের তেল রান্নায় কীভাবে ব্যবহার করবেন, কাদের জন্য নয়, আর এর চর্বি নিয়ে মেডিকেল গবেষণায় কী পাওয়া গেছে। The Young Farmers, ভূঞাপুর, টাঙ্গাইল।

লেখক

Akib Jabed Khan

2 সপ্তাহ আগে5 মিনিট পড়া29 দেখা
চিনাবাদামের তেল: রান্নায় ব্যবহার, সতর্কতা, আর গবেষণা কী বলে

চিনাবাদামের তেল (অনেকে বলেন বাদাম তেল) হলো চিনাবাদাম চেপে বের করা তেল। বাদামের হালকা ঘ্রাণের এই তেল রান্না আর ভাজায় ব্যবহার হয়। ঠান্ডা, অন্ধকার জায়গায় ঢাকনা আটকে রাখুন।

চিনাবাদামে অ্যালার্জি থাকলে এই তেল একেবারেই ব্যবহার করবেন না। কারণটা নিচে লিখেছি।

চিনাবাদাম কোথা থেকে আসে

OwnGrown-এর প্রতিটা ফসল আমরা নিজেরাই ফলাই। "নিজেরা" মানে The Young Farmers: একটা সংগঠন হিসেবে আমরা কৃষকদের সাথে কাজ করি। চাষের কারিগরি পরামর্শ আর অন্যান্য সহায়তা দিই, আর আমাদের তত্ত্বাবধানে বৈজ্ঞানিক পদ্ধতিতে চিনাবাদাম চাষ হয়। ফসল তোলার পর কৃষক আর আমরা মিলে সেটা বিক্রির উপযোগী করে তুলি। ফসল আমরা খুব যত্ন করে রাখি, আর এই তেল আমরা নিজেরাও খাই।

চিনাবাদাম বেড়ে ওঠে মাটির নিচে, চোখের আড়ালে। খোলা মাঠে মৌসুম মেনে ফলানো, তাই এক ব্যাচ থেকে আরেক ব্যাচে তেলের রং আর ঘ্রাণে সামান্য পার্থক্য হতে পারে।

কোল্ড প্রেসড মানে কী

বাদাম থেকে তেল বের করার সময় বাইরে থেকে তাপ দেওয়া হয় না, আর তেল রিফাইন করা হয় না। আমাদের চিনাবাদামের তেলে উপাদান একটাই: চিনাবাদাম। কোল্ড প্রেস মেশিনে প্রথম চাপেই তেল বের করা হয়। এরপর তেল রিফাইন না করে শুধু সেন্ট্রিফিউজ আর ভ্যাকুয়াম ফিল্টারে ছেঁকে নেওয়া হয়, যাতে কোনো ময়লা না থাকে। তারপর চুকাইনগর, অর্জুনা, ভূঞাপুরে বোতলে ভরা হয়।

রান্নায় কীভাবে ব্যবহার করবেন

  • ভাজি আর তরকারি: সবজি, মাছ বা মাংসে।
  • ভাজা: ডিম, মাছ বা বেগুন ভাজায়।
  • ফ্রায়েড রাইস বা নুডলস: বাদামের হালকা ঘ্রাণ এসব রান্নায় ভালো মানায়।

মাঝারি আঁচে রান্না করুন, আর একই তেল বারবার গরম করে ব্যবহার করবেন না।

অ্যালার্জি: কাদের জন্য নয়

চিনাবাদাম অনেকের জন্য মারাত্মক অ্যালার্জির কারণ। ১৯৯৭ সালে BMJ-তে প্রকাশিত একটা গবেষণায় চিনাবাদামে অ্যালার্জি আছে এমন ৬০ জনকে দুই ধরনের চিনাবাদামের তেল খাইয়ে দেখা হয় [১]। রিফাইন করা তেলে কারও প্রতিক্রিয়া হয়নি, কিন্তু রিফাইন না করা (ক্রুড) তেলে ৬০ জনের ৬ জনের (১০%) অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে। গবেষকেরা বলেছেন, অ্যালার্জি থাকলে রিফাইন না করা চিনাবাদামের তেল এড়িয়ে চলা উচিত।

আমাদের কোল্ড প্রেসড তেল রিফাইন করা নয়। তাই:

  • চিনাবাদামে অ্যালার্জি থাকলে এই তেল খাবেন না।
  • অতিথি বা বাচ্চাদের জন্য রান্না করলে আগে জেনে নিন কারও চিনাবাদামে অ্যালার্জি আছে কিনা।

কীভাবে রাখবেন

  • ঠান্ডা, অন্ধকার জায়গায়, ঢাকনা শক্ত করে আটকে রাখুন।
  • ৫ লিটারের বোতল থেকে রোজকার জন্য ছোট বোতলে ঢেলে নিন, বড়টা বন্ধ রাখুন।
  • ঘ্রাণ অন্যরকম লাগলে আর খাবেন না।

গবেষণায় যা পাওয়া গেছে

এই অংশটা আন্তর্জাতিক মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণার সহজ সারাংশ, চিকিৎসা-পরামর্শ নয়। গবেষণাগুলো চর্বির ধরন নিয়ে, নির্দিষ্ট করে চিনাবাদামের তেল বা OwnGrown-এর তেল নিয়ে নয়। কোনো রোগের চিকিৎসায় বা ওষুধের বদলে তেল খাবেন না। ওষুধ চললে, গর্ভাবস্থায় বা স্তন্যদানের সময় খাদ্যাভ্যাস বদলানোর আগে চিকিৎসকের পরামর্শ নিন।

চিনাবাদামের তেলে কী আছে। USDA-র হিসাবে চিনাবাদামের তেলের প্রায় ৪৬% মনোআনস্যাচুরেটেড, ৩২% পলিআনস্যাচুরেটেড আর ১৭% সম্পৃক্ত চর্বি [২]। মানে এর বেশিরভাগ চর্বিই অসম্পৃক্ত।

অসম্পৃক্ত চর্বি আর হৃদ্‌রোগ। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA) ২০১৭ সালে বলেছে, সম্পৃক্ত চর্বি কমিয়ে তার জায়গায় অসম্পৃক্ত চর্বি, বিশেষ করে পলিআনস্যাচুরেটেড চর্বি খেলে LDL (খারাপ কোলেস্টেরল) কমে আর হৃদ্‌রোগ কমে [৩]। পর্যবেক্ষণমূলক গবেষণায় যাঁরা কম সম্পৃক্ত আর বেশি পলি- ও মনোআনস্যাচুরেটেড চর্বি খান, তাঁদের মধ্যে হৃদ্‌রোগ আর মৃত্যুর হার কম দেখা গেছে [৩]।

যা মনে রাখবেন। Cochrane-এর ২০২০ সালের রিভিউ বলছে, সম্পৃক্ত চর্বির জায়গায় মনোআনস্যাচুরেটেড চর্বি দিলে কতটা উপকার হয়, তা ট্রায়ালের তথ্য কম থাকায় এখনো স্পষ্ট নয় [৪]।

সহজ কথায়: উপকারটা আসে ঘি, ডালডা বা চর্বির জায়গায় অসম্পৃক্ত তেল ব্যবহার করলে; বাড়তি তেল খেলে নয়। এক টেবিল চামচ তেলে প্রায় ১২০ ক্যালরি থাকে [২], তাই পরিমাণ বুঝে রান্না করুন।

প্রশ্ন-উত্তর

চিনাবাদামের তেল আর বাদাম তেল কি একই? সাধারণত হ্যাঁ। বাংলাদেশে "বাদাম তেল" বলতে চিনাবাদামের তেলই বোঝায়, ইংরেজিতে peanut oil। কাঠবাদামের (almond) তেল আলাদা জিনিস।

অ্যালার্জি থাকলে কি অল্প খাওয়া যায়? না। আমাদের তেল রিফাইন করা নয়, তাই চিনাবাদামে অ্যালার্জি থাকলে এই তেল খাবেন না। অন্য কোনো তেল নিয়ে প্রশ্ন থাকলে চিকিৎসকের সাথে কথা বলুন।

ভাজার পর তেল আবার ব্যবহার করা যায়? একই তেল বারবার গরম করে ব্যবহার না করাই ভালো।

শেষ কথা

আমাদের চিনাবাদামের তেল ১ লিটার আর ৫ লিটারে পাওয়া যায়। সারা দেশে ডেলিভারি ৳১০০, ক্যাশ অন ডেলিভারি।

OwnGrown চিনাবাদামের তেল দেখুন · আমাদের সব কোল্ড প্রেসড তেল · আরও পড়ুন: সূর্যমুখীর তেল: রোজকার রান্না

সূত্র

  1. Hourihane JO, Bedwani SJ, Dean TP, Warner JO. Randomised, double blind, crossover challenge study of allergenicity of peanut oils in subjects allergic to peanuts. BMJ. 1997;314(7087):1084–1088. https://pubmed.ncbi.nlm.nih.gov/9133891/
  2. USDA FoodData Central. Oil, peanut, salad or cooking (FDC ID 171410). https://fdc.nal.usda.gov/food-details/171410/nutrients
  3. Sacks FM, Lichtenstein AH, Wu JHY, et al. Dietary fats and cardiovascular disease: a presidential advisory from the American Heart Association. Circulation. 2017;136(3):e1–e23. https://pubmed.ncbi.nlm.nih.gov/28620111/
  4. Hooper L, Martin N, Jimoh OF, Kirk C, Foster E, Abdelhamid AS. Reduction in saturated fat intake for cardiovascular disease. Cochrane Database Syst Rev. 2020;8:CD011737. https://pubmed.ncbi.nlm.nih.gov/32827219/

লেখকের পরিচয়

Akib Jabed Khan

পড়া চালিয়ে যান